উপচার

তোমার বধূর মুখে সচেতন প্রলেপের মতো
বিস্মরণ লিখে দিই। গর্ভবতী, উপলবল্লভা
তার বাৎসরিক স্রোত পলি ও পল্বল মোচনে
শস্যক্ষেত ভুলে যায় কর্ষণের, মন্থনের দাগ
এসো, পুনর্ভবা হও, তোমার সাধের বাটি পুরে
একটি কঠিন নারী সুরশলাকার মতো কাঁপে
তার আভরণ নেই, শৃঙ্গার নির্মিতি কিছু নেই
সে শুধুই নম্র হবে বলে এক রাত্রি গৃহে ছিল

চূর্ণ কুণ্ডলিনী তার শরীরের পাকেচক্রে ঘুরে
জরায়ুর কূটজালে চুঁয়ে পড়ে ক্ষুধার প্রণয়
এই রক্তমেধকলা গর্ভরস আমিষান্ন ভোগ
আপন কপালে ধরে তোমার বধূকে পূজা করি
হে প্রসন্নগর্ভা আজ আমাকে আহার করো দেবি
রক্ত খাও, রক্ত খাও, যোনি থেকে গড়ানো সংসার

Comments

Popular Posts