মায়াতরু, চাঁদ
তোমার রথের চাকা গৌরিপাটে গেঁথে গেছে ফের
কীভাবে ছাড়াবে জাল, অবেলায়, প্রথম কৌন্তেয়?
প্রখর রোদের দিনে ফিরে ফিরে দীঘল ছায়ায়
এ পথেই দেখা হবে কখনো কি ভেবেছিলে আগে?
ঘুঙুরজড়ানো নীল সাইকেলের অস্থির দুপুরে
পল্লীর ভাতঘুম, হা-ক্লান্ত কুকুর, দূরে কিছু
অনুজ্জ্বল চিলের আকাশ, এর মাঝখানে তবু
ফিরে ফিরে গেঁথে যাও, গৌরিপাটে, আরো, আরো জোরে
ক্রমাগত ফুটে ওঠে কাগজের তারার ফসল
দেখো, দূরে, দারুণ রোদের বুকে, রসালমঞ্জরী;
ফলতঃ সুঘ্রাণ কিছু সম্ভাবনাময়। এ পথেই ক্রমমুক্তি হবে? এই চৌকো ছাদওলা শহরের
কৌণিক সীমানা দিয়ে, সামান্য উড়ে যাওয়াগুলি,
প্রেক্ষাপটে মায়াতরু, সাইকেল, আলুথালু চাঁদ
Comments