আমাদের সেই গ্রামের নামটি

অষ্টমে চাঁদ তারকা কপালে হাতে
কুকথা মেখেছে বহুরাত্রির নারী
অথচ শুকনো নির্বাসনিক তুলি
ঘরের ছবিটি ছেঁড়াখোঁড়া আঁকা হয়

আহত সময় আছড়ায় পাখসাটে
যবনিকাপটে সহিংস তর্জনী
আনন্দ তুই চুলে হাত রেখে কবে
ছুঁয়েছিস তার যন্ত্রণা বাকি ছিল

তবুও বুকের ভিতরে থামে না গাড়ি
দূর থেকে দেখে স্টেশনের লাল বাতি
ঘর থেকে ঘরে কাঁটাতারে মেলে দেওয়া
কাদের ছিল যে ফেলানি কুড়ানি নাম

এই ঘর এই বাড়ি বুঝি চেনা নয়
আনন্দ তবে লিখে রেখে দিও শ্লোক
ভাগের দেয়ালে কান্নার বসুধারা
দু'চোখে ক্রমশ নীল হওয়া এক দেশ

Comments

Popular Posts