শান্তিকল্যাণ
আমাকে আশ্রয় করে গন্ধ পায় ধরিত্রী শবের।
আমি যাজ্ঞসেনী, আমি দৃষ্টিপাতে ক্ষত্রিয়বিরাগে
নিযুক্ত হয়েছি। বলো, হে কিশোর, বিদ্ধ হলে কবে
ছুরিকে কে প্রশ্ন করে কোনোদিন তার কতো লাগে?
তবু তো কৃষ্ণের সখী। মনে জানি জয়পরাজয়
সবই মোহরাত্রিকাল, অন্ধকারে আলোর বিদ্রূপ।
থাক তবে ব্যূহচক্র, পাশুপত হয়ে যাক ক্ষয়
দিনান্তের রাগিণীর নিভৃত আলাপে হোক চুপ
সমস্ত রথের চাকা, রণ রক্ত সফলতা থেকে
স্কন্ধাবারে উড়ে যাক পাশাপাশি পারাবত দুটি
শ্রান্ত আছো, সহজাত যুদ্ধসাজ এসো খুলে রেখে
ভাগ করে নেওয়া যাক শাকান্নের শেষ এক মুঠি
একবেণী হে হৃদয়, মুছে ফেলো ম্লান অবসাদ
ভোরের করুণে বাজো আলাপের কোমল নিষাদ
Comments