বিশুপাগল
সেদিন ট্রাফিকে দেখা। সিগনাল রবীন্দ্রসংগীতে
রক্তচক্ষু। দু'দণ্ড দাঁড়াতে হলো ক্ষমাহীন স্রোতে।
সামনেই সুবিশাল পথযাত্রা। শববাহী যান,
চারদিকে সতরঙ্গ উন্মাদনা, গুরুনাম গান
মাঝখানে সুচিক্কণ ওই বুঝি নতুন গোঁসাই?
ওই বুঝি রাজকবি, আর তুমি? ঈশানীপাড়ায়
তোমাকে দেখেছি যেন! কেশভার দিয়ে দুটি পা-ই
কেমন মুছিয়ে দিচ্ছ, শোনো, এই শববাহিকায়
কার দেহ নিয়ে যাচ্ছ? এতো সাজসজ্জা, অনীকিনী!
ধ্বজাপূজা বুঝি আজ? এবার কি রক্তকরবীর
মালাটি নিজেই দিলে সর্দারের বল্লমে, নন্দিনী?
উত্তর মেলে না কোনো। তারা মূর্ত কলরোল, ভিড়।
জনাজা এগিয়ে যায়। পথে শব পড়ে থাকে কার।
কাফন সরিয়ে দেখি শান্ত মুখ। মৃত কবিতার।
Comments