বুকের ভিতর মাহ ভাদর
বুকের ভিতর মাহ ভাদর
চিঠির পাতা ভিজে
তেপান্তরে আঁধার ঘরে
ধান রুয়েছি নিজের
চাল কাড়তে বেলা গেলেন
সূয্যি গেলেন পাটে
জল আনতে যাব এবার
কংকাবতীর ঘাটে
ঘাটের পাশে আলতাপাটি
সিঁথিপাটির নাও
জল নেব না ডাঙ্গা নেব
কংকা বলে দাও
জলের মধ্যে জিয়নকাঠি
চিঠির ঘরে আড়ি
কন্যা তোমার আসবে কবে
পেঁয়াজকষি শাড়ি?
আসবে কবে ঢোলডগর
গজমোতির হার
বসন্ত যায় কংকাবতীর
তেরো নদীর পার
তেরো নদী উথালপাথাল
সাত সমুদ্র ভাসে
বুকের ভিতর মাহ ভাদর
আঁধার করে আসে
Comments