এভাবে যেও না তুমি
সায়াহ্নের মেলা শেষ, উঠে গেছে মাটির পুতুল
চাকার দাগের ভারে ছেঁড়াখোঁড়া বিশাখ প্রান্তর
দর্পণে প্রতিমাসম আমরণ মরীচিকা ভুল
বহুদূরে পড়ে আছে বালিকার একা খেলাঘর
গোলাপি রোদের ফুল, গোধূলিবেলায় হলো ম্লান
এ ভাবে যাবেই যদি, না বলেই চলে যেও, গান।
এ গ্রামে কাদের বাস উঠে গেছে বিরহের কালে
অঙ্গনে উনান ভাঙা ঈশ্বরীর নির্মোকযাপন
তার খণ্ডগর্ভস্নান হলোই বা অর্ধেক আড়ালে
সে ছিল সূর্যের ফুল, দিশা ভুলে মায়াকুঞ্জবন
এ কার আশ্চর্য মায়া, হাতে পায়ে পঞ্জরে কপালে
ছেয়ে দিল ঘরবাড়ি, পথে-পথে ছড়ালো এমন?
এ ভাবে যাবে কি আজ? ছায়া বিষ্ণুতর হলো, গান,
অযাত্রা-কুযাত্রাপথে ভরে আছে আকন্দসন্তান
Comments