I want you, so bad
সোনা আমার, ছে'চল্লিশ
একাত্তরে উনিশ-বিশ
এখন দূরে ঘরের কথায় এনআরসি
রেশন লাইন কাঠগড়ায়
সবুজ কার্ডে ছাপ পড়ায়
তোমার মুঠো আঁচল ছাড়া কী পারছি?
হে বাসাংসি জীর্ণানি
করুগেটেড কল্যাণীর
দরমা বেড়ায় পুনর্বাসন ফুল তোলা
সীমান্তেরা চোখ রাঙায়
আইনগত হাঙ্গামায়
আবার মিঞা কবিতাদের মুখ খোলা
মুখের খোঁজে এই বারেও
ক্লান্ত কাগজ সংসারে
এই উঠছে পাক খেয়ে উঠছে বিভ্রমে
ভোটশেষের ম্লান স্মৃতির
আঁতেলকিশোর রাজনীতি
আমার নামে বাতিল ছাপের টিপ জমে
বাতিল মানুষ বাতিল ঘর
বাতিল কথায় পরস্পর
যে দাগ আঁকে শোকের স্লেটে নগণ্য
আমার দেশ তাদের দেশ
ভাষা কিম্বা ধর্মে শেষ
পৌনঃপুনিক স্বদেশ খুঁজি কী জন্য?
ঠিকানাহীন আর্ত তার
দেশের নাম ব্যর্থতা
দেশের নাম স্বার্থ ক্রোধ হিংসা ভয়
উগ্র দ্বেষের জাল বোনা
এমন কোথাও থাকবো না
সোনা আমার, নতুন করে স্বদেশ হও
এই শোনো না, বলছি কী
খরোষ্ঠী বা অলচিকি
পড়তে পারছ লিখছি তোমায় যেটুকু?
আর কিছু না, সব জেনেও
একগুঁয়ে আর ঘ্যানঘেনে
যেমন করে ডিলান বলেন ওয়ান্ট ইউ
Comments