কাকস্পর্শ


তবে কি প্রব্রজ্যা নেবো? রুখু চুলে দেবো ক্ষার-খৈল?
উঠানের ঝরা ফুলে গোধূলির বস্তর রাঙাবো
যেদিকে দু'চোখ যায় চলে যাবো জন্মবৈরাগিণী
দয়া হোক গৃহস্থের ডেকে কারো দুয়ারে যাবো না

তোমার নিজস্ব নারী আজো কি মুকুরে দেখে ছায়া
ভয় পায়, আঁচলে কি বেঁধে রাখে হে নষ্টের প্রভু
মৃত জননীর মুখ মনে করে তুলসীতে জল 
স্মৃতিটি জুড়ায়, আহা, কাকস্পর্শে স্মৃতিটি জুড়ায় 

এদিকে বসত ধুয়ে ভেসে যায় মনোরথ নদী
আমার সন্ন্যাসকালে তোমার সংসার ছেয়ে আছে

ছবি: পৃণাকা দে

Comments

Popular Posts