নিশীথে কাঁদে না নারী

ham ne maanā ki taġhāful na karoge lekin।
ḳhaak ho jā.eñge ham tum ko ḳhabar hone tak।।

আমার সন্ধ্যা ভালো লাগত। ক্ষীণা নদী, উপলসংসার। আমার পাহাড় ভালো লাগত। সে আমার জন্য রেখেছিল ফার্নের সবুজ, লাইলাক রঙের অর্কিডের কুঁড়ি, অজস্র জংলী ভারবেনার দেয়াল আর মাঝেমাঝে দু'একটা রডোডেন্ড্রন গাছ, ছায়া। এইসব পেরিয়ে এই রুক্ষ অকরুণ সমতলভূমিতে বাসা নিলাম। এখানে জল নেই, বছরভর শুখা খাত। ফুল ফোটে সাজানো গোছানো। এখানে রাতের আগে সারাক্ষণ শুধুই সকাল। চোখ জ্বলে গেলে লোকে বলে কান্না নয়, ঘর থাকলেই ধুলোবালি, ঘর হলেই জমে ওঠা, স্তূপ।

এই নাবাল জমির পাশে একা দাঁড়িয়ে আছো, গ্যানট্রি। তোমাকে দেখলে ভাবি পাহাড়, ভাবি গাছ। ওই অনেক ওপরে তোমার দু'হাত ভরে আলো জ্বলে। এই যে পাথরকুঁচি আর কংক্রিটের জঞ্জালে একা দাঁড়িয়ে থাকো, তোমাকে দেখলেই এক কাপ চা করে দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে বলি, বোসো, কিছু খাবে?

কতোজনের ঘর গড়ে দিলে তুমি। এ প্রবাসে তোমার আলো কতোদূর অন্ধকার দেখায়, কোনো দিন জানতে পারলে না।

Comments

Popular Posts