নারীদিবসের সনেট

যা প্রথমে ধ্বনিমাত্র, কোলে-পিঠে তুলে নিই তাকে
উমাশব্দে কারুভাষা ননীর পুতুলসম মেয়ে
বক্ষে নিলে আঁখিজল, আধো আধো বুলি শুনে তার
হাসির প্রভায় লাজে বসন্তের ঘন পৌর্ণমাসী

বালিকাটি চন্দ্রকলা ক্ষণে বাড়ে বিকচ ফুল্লরা
হাতে দিই লীলাপদ্ম সমিল পয়ারে অনুপ্রাসে
ক্রমে হয় সুতনুকা অলংকারে, বসনেভূষণে
গ্রামে গ্রামে বার্তা রটে রূপে লক্ষী গুণে সরস্বতী

অতঃপর পূর্ণরূপা সে কবিতা দুহিতা আমার
চক্ষের মণিটি, তার নিরাপদ সংসার আশায়
সুপাঠক খুঁজে এনে এই নাও সম্প্রদান করি
অসপিণ্ডা অসগোত্রা সুজাতাকে তোমায় দিলাম

পাঠক ক্রেতাও বটে। পাণিপীড়নের বিধি শেষে
বলেছে, খোলো তো দেখি, অন্যপূর্বা অপবিত্রা কিনা।

ছবি: Prinaka De

Comments

Popular Posts