চতুরঙ্গ
সব কথা শান্ত হলে শুয়েছে সকাল এসে পাশে
এর বেশি কি সম্ভব? এতো বেশি পায় না মানুষ
এ কথাই বলেছিলে, অন্নজল বেড়ে দিতে এসে
প্রচণ্ড খিদের মুখে কে শুনেছে কুডাক, পুরুষ?
আজ তবে রাত দিলে? নাম দিও কাল ভালোবেসে
এইভাবে খেলা শুরু। ঘর নাই, বসতিটি ভালো
পারস্পরিক ছকে নীরবতা সাজানো আয়েশে
সাময়িক অন্ধ গজ দু'পারেই নৌকাটি ডোবালো
দয়া পেলে ঘোড়া হই, চলে যেতে পারি লাফ দিয়ে
পেরিয়ে নিহত সব দ্বিপাক্ষিক পদাতিক সেনা
হে পুরনো খেলোয়াড়, রাণী বুঝি রেখেছ লুকিয়ে?
মা ভৈঃ। আমি তো জানি সেভাবে তুমিও তাকাবেনা
গল্পটি ফুরাক, নাকি? চাল বাকি নেই কিছু আর
এর বেশি কি সম্ভব নিভৃত আলাপচারিতার?
Comments