থিসিয়াস
অতএব ছিঁড়ে যাক গর্ভফুল, অনেক হয়েছে
আবশ্যিক কর্কটের কামড়ের পালা এর পরে
নিজেকে বোঝাই, শোনো শরীর প্রত্যঙ্গ ঝেড়ে বেছে
নিজেকে মেপো না। যাও থিসিয়াস আছে যে বন্দরে
সে জাহাজে উঠে পড়ো। কিছু মেয়ে, শোনো, আজীবন
রাজকন্যা হয়ে থাকে, অস্ত্রশিক্ষা শেষ হলে তারা
ছদ্মবেশে গান গায়, গানে লেখে বিরাগযাপন
তারা নয় জায়া বধূ, সংসারের প্রসন্ন মায়ারা
মাঝেমধ্যে শোক তবু ছুঁতে আসে। সে আশ্চর্য শোক
নাভি দিয়ে পাকেচক্রে ঢুকে আসে, ছেঁড়ে গর্ভফুল
কুটিকুটি করে ছেঁড়ে জরায়ুর আরক্ত পালক
পড়ে থাকে ফুলে ওঠা ফাঁকা এই আলোর পুতুল
বহু যত্নে বারম্বার উঠে বসি। মনে বলি, ফের
নিজেকে মাপোই যদি, হাত ধরো একান্ত নিজের
Comments