সেই পাগল আমার চোখের ভিতর আসবে কবে


আশ্বিন এসেছে বলে দু'চোখের গভীরে পাগল
এবার পরেছো সেই ভুট্টার ফুলের নীল শাড়ি
লাল প্রবালের দুল; কালো টিপ, মাটির কাঁকন
বিষাদশয়ন তবে ছেড়ে আজ উঠেছ মানসী

এ সংসারে যে রসাল সেই ছায়া তুলসী প্রদীপ
স্বপ্নের সন্ততি হায় বেদনাদ্রুমের রাঙা ফল
দোরঘাট খোলা পড়ে, আঙিনায় অসাড় মাধুরী
কে আসে কে ফিরে যায় এক চিতা জ্বলে স্রোতস্বিনী

চলে গেছ বহুকাল। চলে গেছ মুহূর্তের দূরে
তোমার নিমেষ আর এদিকেও কুড়ি-কুড়ি পার
বলো, ভুলে চলে যাও, দিয়ে চলে যাও পুত্রশোক
কখনো কি ভেবেছিলে ক্ষুধা পেলে কী হবিষ্য খাবো

দেখে যেও, হে কঠোর, এদিকেও জীবন গিয়েছে
কুড়িটি আশ্বিন পারে অফুরান স্বপ্নে যদি আসো
ফিরে এসো একবার দু'চোখের গভীর পাগল
একবার ফিরে এসো এ চোখের গভীর পাগল

Comments

Popular Posts