পাঁচালী

অহল্যা
------------

বিপন্ন দরজার গায়ে অন্যস্পর্শ বসুধারা ছাপ

আমার মায়ের মুখ মনে পড়ে

#

দ্রৌপদী
------------
ক্ষুধার উনুন পাশে অবেলার ছড়ানো সংসার। শাকান্নের কণামাত্র পড়ে আছে।

যাও তবে, স্নান করে এসো।

#

তারা
-------
ছেঁড়া জরায়ুর ভার, শাশুড়ির পায়ে ব্যথা, ছেলের ইস্কুল, গ্যাস শেষ, ইলেক্ট্রিক বিল আর একপেশে ময়লা চাদর।

তোমার দাদাও রাতে মদ খেয়ে হাত তুলতো গায়ে।

#

কুন্তী
--------
একহাতে অন্ধ আর অন্যহাতে বৈকল্যের দিনে ইতস্তত অরণ্যচারণ
পুনর্নবা,
প্রথম সূর্যের স্নান, মনে পড়ে? পড়ে?

#

মন্দোদরী
---------------
আপনারা চলে যান। আমার স্বামী নকশাল ছিল, মারা গেছে। ছেলেকে ছেড়ে দিন, ও কিছু জানে না। ওই অস্ত্রগুলো সবই ওর বাবার। সে নেই আর। ছেলেটাকে মারবেন না, ও কিছু করেনি। 

হ্যাঁ, আমি যাচ্ছি। চলুন।

October 15 2019

Comments

Popular Posts