কাঁকরের বারোমাস্যা


সুগৃহিণী কথামাসে বাঁধা পড়ি আঙিনাবন্ধুল
এ সংসারে যথালাভ হায় প্রভু ততোটা সরল
যবের শরীর জেনে কালো হয় বিশাখবাদল
আলগোছে কথকতা বোনে রোদে পিঁয়াজের ফুল

সে কথায় রাজা নেই, নেই কোনো চাঁপা বা পারুল
করুণ সন্ন্যাসী নেই কে বা এসে হাতে মধুফল
ধরে দিয়ে বলে যাবে ছয় পক্ষ রুখু চুলে জল
দিও না কল্যাণী তবে ক্রোড়ে পাবে ক্ষীরের পুতুল

সে নেহাতই বারোমাসি, ঘরের ভিতরে, আশেপাশে
যেমন জীবন গায় পদ্মপাতে জলজ আভোগে
দিনগত পাপক্ষয় কিছু তার আদরসম্ভাষে
কতো কাল অনাথার, অবীরার কালসর্পযোগে
কতো কাল নষ্ট হয় হলুদকুঙ্কুমে, অধিবাসে
কতো মাস যায় প্রভু, কালাসুখে, অপত্যবিয়োগে

Comments

Popular Posts