ডানায় মেঘের গন্ধ ৪ ওয়ার্নিং কল
মোহানায় কাঁটাতার, কাঁচ ভাঙা পাঁচিল দুপুর
সাবধানে অবেলায় পা রেখে এসো না বিধুমুখী
আমরা যেটুকু জানি ভিন্নতার, মূক জল্পনার
বাসা বানাবার মতো খড়কুটো গল্পের দু'কুচি
বলো না গো গঙ্গাজল মুখোমুখি ধুম পেয়ালায়
এক চক্ষে তদস্তুং অন্য হাতে পরিযায়ী ক্ষুর
থাকবো তোমার বাড়ি এক রাত পুরো এক দিন
এসো বসে দেখে নিই ক্ষিদে মুখে কী কী পাওয়া যায়
এ শহর ছিল তার। সমাঙ্গিনী চোখের বালিতে
ঘর গড়া যায় না কি এ প্রশ্ন সে অমোঘ চেনালো
আপন্ন দুঃখের রাতে পালকের মোহন আড়ালে
যখন কুয়াশা ভোর সর্ষেক্ষেতে ডেকে আনে ব্যাধ
মৃত্যু নিয়ে এসেছিল। স্বাভাবিক, মরণের পরে
বুঝেছি সে পাখি নয়, মাঝেমধ্যে কোনো হরবোলা
ছবি: Samir Bhattacharya
Comments