সপ্তপদী

সম্প্রদান হয়ে গেলে ডান হাত উপড়ে নিলে গজমোতি দিলে লাজহোমে 
দুধসায়রের বুকে ভেঙে পড়ল ক্ষীরের পাহাড়

কী গ্রন্থিতে বাঁধিলে মনশ্চ হৃদয়ঞ্চ হে
সখা, সাত পা যেতে যেতে যেতে
প্রদীপের বুক পুড়ছে
প্রদীপের বুক পুড়ছে
আলো হচ্ছে, কালো তো হচ্ছে না

এক পা ঈশের মাথায় দিই তবে
পাঁচ পায়ে গৃহবাসী পশুটিকে
পাথর থেকে পাথরে আছড়ে
এভাবেই
ধ্রুবা আকাশে, ধ্রুবা পৃথিবী, ধ্রুবা চরাচর

সম্প্রদান হয়ে গেলে ডান হাত উপড়ে নিলে
সখা, বলো, আরো ব্রত কিছু আছে?
চোখে কালো কাজলের পাপ
বস্তিদেশে কাটা দাগ, ওষ্ঠময় সূচ

বলো, আরো কী অক্ষর দেবো
দেখছো না রক্তাক্ত হচ্ছি
কিছুতেই লিখতে পারছি না?

Comments

Popular Posts