ডানায় মেঘের গন্ধ -- ৬ #ওয়ার্নিং কল

নিজেকে ছুঁয়েছ বুঝি? আদর করেছ ছলে-বলে
কখনো বলেছ ডেকে শোনো পোড়া পলাশের মেয়ে
আমাদের মধ্যে যতো ধোঁয়া আর ছাই বাকি আছে
ঘর গাঁথা হয়ে গেলে এবেলা কি শাকান্ন হতো না?

এখনো আহুতি নাই। রোদ পড়ে এলে বিকেলের
সারসত্য স্নান করে পরিচ্ছন্ন কালোপাড় শাড়ি
আঁচলে অদ্ভুত চোখ; এবারের মতো অপেক্ষার
বেলা শেষ হয়ে এলো। উঠি তবে, আজ তবে আসি

দেয়ালে অনবধানে দাগ পড়ে বিড়ালগাথার
আঁচড়ের নখরের খরশব্দ চেনা চেনা ঠেকে
অশুভকামনা নিয়ে আক্ষরিক ঠোঁটে চুমো খাই
মনে মনে বলি শোনো মরে যাও তুমি মরে যাও

নিজেকে ছুঁয়েছ বুঝি? আদর করেছ ছলে-বলে?
তোমার নিভৃত নারী আজন্ম সে ডাকিনী জানো না?

Comments

Popular Posts