কমলে-কামিনী

ফাল্গুনে বিবাহ কন্যা বর আনে চাঁদ সদাগর
প্রভূত হিসেব শেষে বাঁহাতের ফুলের বেসাতি
তারপর সপ্তডিঙা ডুবে যায়, ব্রাহ্মণেরা বলে
চৈত্র কি না মলমাস, ঘর ছেড়ে ভিখারি যাবে না

আড়ভাঙা সে সকালে চা-চামচ ভরা গৃহস্থালি
হারালে মনের বাঘ না হারালে কমলে-কামিনী
কোন ফুল তুলেছিলে, কবে ছুঁয়ে দিয়েছিলে চোখ
ভুলে-ভরা আকিঞ্চন, স্বপ্নদলে শ্বদন্তের দাগ

হাজার বছর ধরে যে হেঁটে চলেছে পথে সে কি
ধীরে হাঁটবে না বলো, কুড়াবে না গোধূলি বিকেল?

অবশেষে বৈরাগিনী ভিক্ষুণীর দিগন্তবাসনা
ঘৃণার বিরহ আর বিরহের মতো কোনো পাপ
যাকে ভেবেছিলে ছায়া সে নিজেকে শ্বাপদ ভেবেছে
যাবো না যাবো না বলে কুবাতাসে ঈশ্বরী হারায়

Comments

Popular Posts