ডানায় মেঘের গন্ধ -- ৭

শোনো সে মৃতের গল্প বলে আজ হে ব্যাঙ্গমা পাখি
অনায়াসে বসো এসে যে পলাশে আগুন ধরেনি
জানো না কি, এ সংসারে যতোকাল যতোটুকু বাকি
আমরা সকলে কিছু মুখোশ লুকিয়ে মরে যাই
সেটুকু গোচরে থাকে। শুদ্ধ সে। বুদ্ধ। নিরঞ্জন।
কাহিনীমাধ্যমে তাকে যাই বলো পুড়ে তো যাবে না
আমাকে আকাশ পায় বলে সেই মেয়ে উড়ে উড়ে
রুখা পলাশের ডালে জ্বালবেনা অসম্বৃত দাহ

ভালোবাসা বিড়ালের মতো দুই প্রহরের পর
রোজ ঘরে খেতে আসে। তারপর হঠাৎ আসে না।

আসলে গল্প তো এই। আমাকে সরল মনে করে
কাঞ্চনমালার কোনো অবাঞ্ছিত রাজপুত্র এসে
ধীরে ধীরে ক্ষুধা শিখিয়েছে। ইদানীং দেশান্তরে
অন্ধ নগরীর বুকে জাগে ভরা পূর্ণিমার চাঁদ।

Comments

Popular Posts