ডালিমকুমার



বিভিন্ন রকম ধুলো
বিভিন্ন প্রকারের বালি
তুলনাসমাচ্ছন্ন হে কাঁকর
তোর সাথে আড়ি

আমি আজো মধ্যরাত জাগি
আমি আজো পাগল বেহালা
আজো তোর সুতাশঙ্খ কাটে
মরি অন্ধ রাজার কুমার

কিছুতে ভুলিনা জন্মকথা
এক জন্ম দুই জন্ম যায়
জন্মপারে ভুঞ্জে প্রেতকুল
যায় গো জঠরকথা যায়

শোনাবো গহনকথা ওরে
এসমস্ত অমৃতসমান
আমি আজো কুঞ্জবীথিকায়
অসমর্থ ভূতভগবান

আমার ওপরে তোর কালি
আমি তোর বিবর্ণ চেহারা
অসমাপ্ত হে কাঁকর তোর
মুখ নেই মুখ নই আমি

তবু এ রমণকথা শোনো
তিলতুলসী ভক্তসমারোহ
কানে হাত চোখে হাততালি
গুহ্যকথা রক্তধারে যায়

যাও কথা, আনো তার মুখ
রুপোর সুপারি তালপাখা
সোনামোড়া রাজার মেয়েটি
যাও পাশা রাক্ষসের পুর

তাকে দিও ছেঁড়া মাথাখানা
তাকে বোলো শুকসারীকথা
তাকে আনো জরাজীর্ণ ঘর
মধ্যরাত, পাগল বেহালা



পা পড়ছে ওর, পা পড়ছে তার,
হাড়েরা চুপ করো
আসছে সে ওই আসছেই আজ
আকাশভরা লাল
রক্তপায়ে বুকের ওপর
এক পা এক পা ছাপ
আমার নরক মৃত্যু আমার
প্রেতজন্মের গান

২০০৬

Comments

Popular Posts