সীতা
সমস্ত প্রসন্ন হলে সে বলেছে বসন্তসখার
মুখে চটাকাঞ্চনের অতিরিক্ত ব্যভিচারে জল
স্পর্শদোষে যথারীতি সে কি এলো সে কি এলো বলে
অন্ধ হয়ে থাকো দেখি, অন্ধকারে, ফলিত ত্রিতাপ
লোকে বলে মৃতসঞ্জীবনী; আমি তাহাকে জানি না
যেটুকু দেখি বা আজ যতোদূর উৎকণ্ঠ নায়িকা
সেজেছিল প্রত্নরাগে চোখে গাঢ় উপেক্ষাকাজল
সে বিগত বরষার; এই নববসন্তের সে তো
কেউ নয়। কেউ নয় সে কুহুর, সুমন্দদক্ষিণা
বাতাসের কেউ নয় আভূমিলাঞ্ছিত মাধবীর
সঙ্গে তার বহুকাল ছাড়াছাড়ি হয়ে গেছে জানো
তবু এই সাময়িক অতিচারে ব্যর্থ প্রতিবাসী
এ নয় অশোকবন, সেও নয় প্রোষিতভর্তৃকা
আন্ধারে মৃত্তিকাগর্ভে বীজ হয়ে অপেক্ষা তাহার
Comments