কারুবাসাকথা
মুহূর্তে যাচনা করি এক বিষ তাকাও তাকাও
আসন্ন সন্ধ্যায় বাজে মৃদুমন্দ শাঁখ, উনানের
কোমল কঠোর আঁচে রুটিরা গর্ভিণী হয়, এই
ক্ষুধা ও জরতীকথা গৃহস্থালী বলে জনান্তিকে
আমিও এ ঘরে থাকি, দেখে যাই লূতাতন্তুজাল
কেমন ধারণ করে বেহিসেবী জলকণাদ্যুতি
এ সংসারে অনশন চরুপাক বাসে উপবাসে
দেয়ালে ও বটমূলে অভিন্ন দেয়ানী চালু আছে
এই যে পাতার সাজ, আমাদের আটপৌরে ঘর
আমাদের গ্রামটুকু এ শঙ্খের কুঞ্জবনচ্ছায়ে
আভূমি শিন্নীর গন্ধ, বাসনার, কারুবাসনার
গুঞ্জরিত ভদ্রাসনে মধু ওং মধু ওং মধু
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ভ্রমরী জুটেছে, মধুকর,
প্রদোষে গরল দাও, একবার তাকাও, তাকাও
Comments