সনেট # গোরিয়াঁ
এই যে জামের গাছ, এর নাম রাখা হলো গোরী
গোরিয়াঁ, বালিকা আজ, সুচিকণ পক্ষ্মল রূপসী
এই গাছ একদিন ফলবতী হবে ভেবে বসি
পাশেই পুকুরঘাটে কালো জলে শ্রাবণমঞ্জরি
টুপটাপ ঝরে যেন সে চিরল আন্ধারে চিরাগ
সে পাটে আশ্চর্য মেঘ গোধূলীসঙ্কাশে ঝরে পড়ে
সুগন্ধী প্রলাপগানে গর্ভিণীর বুকের ভিতরে
দেখি তার লজ্জাবাসে, আলগোছে ছায়াছায়া দাগ
সে তবে আরণ্য ছায়া ম্লানমুখ সূর্যে রয়ে গেছে
যেখানে সমাপ্ত হবে চান্দ্রমাস, অথিরবিজুরী
মেঘ এসে ঢেকে দেবে বালিকার শতদল সুখ
এতো দিন তপস্যার পরে সে যে অপর্ণা হয়েছে
এটুকু আপন তার, এইটুকু কৃপণ মাধুরী
এখনি তো স্বয়ম্বর, গোরিয়াঁর কোজাগরী মুখ
Comments