পুজোর_ছড়া
#
আসছে পুজো দুলছে কাশ
আকাশ জুড়ে মেঘের আঁশ
শিউলিফুলে আগমনীর সুর
ফিরছে মেয়ে বছরকার
মায়ের কাছে একটিবার
সাত সমুদ্র তেরো নদীর দূর
দূর সে ভারী! আসাই দায়
দুগগা কবে আসেন নায়
কোন বছর চড়েন রেলগাড়ি
দুগগাদের সেই যে গ্রাম
বছরভর জলের দাম
বন্যা এলে শহরে দেয় পাড়ি
চারটি ছেলে মা দুগগার
একটি গেছে বছর পার
আরেকটি সে ভুগছে বারোমাস
আইলা আসে আইলা যায়
ত্রাণের টাকা কেই বা পায়
কেই বা নোনা ডাঙায় বোনে চাষ
ছেড়েই গেছে সোয়ামী তার
হলো সে তাও বছর চার
কোথাও কোনো খোঁজখবর নাই
কাজ করবি কোলকাতায়?
রোজ তো কতো মেয়েই যায়
বলল তাকে ফুলপিসের ভাই
অতঃপর দুগগা চল
মেট্রোরেল শপিং মল
বৌদিদিদের সোসাইটি যে সেরা
চোখের কালি সাত পরত
বৌদিমণি ঘরবসত
মারের দাগ ওড়না দিয়ে ঘেরা
বাপটি ভালো সে বৌদির
গুণছে টাকা এসিউভির
পুজোর কেনাকাটাও তড়িঘড়ি
সেদিন বুঝি বাড়িতে নেই?
সাপের মতো সেই রাতেই
দাদাবাবুর পায়জামার দড়ি
পরের দিন বেড়াল পার
ঘুচলো কাজ মা দুগগার
ডুবতে ডুবতে কালীঘাটের চরে
খুপরি ঘর, আলোর লাল
এইটা নাকি? শুকনো মাল
ছুকরি কেউ নেই রে নাকি ঘরে?
আসছে পুজো বাজছে ঢাক
এবার দুগগা যাচ্ছে যাক
ফিরে কোথায় আসবি মা রে তুই!
এই ঘরে যে মাকেও তোর
জ্বলতে হলো জীবনভর
মা দুগগা তোর মায়ের বাড়ি কই!
Comments