ডানায় মেঘের গন্ধ ৩ ইউনিজন কল
আমিও আমার সেই নিভৃত পাখিকে বলে থাকি
দেখো শান্ত বসুধারা স্নান করে নতুন দেয়াল
খড়িমাটি কার্পণ্য করিনি। নতুন খড়ের চাল
বিঁড়ে বাঁধা এই এলা রঙ দিয়ে তুলসীকে রাখি
গোহাল সম্পূর্ণ হলে পানাফুল কলমির বন
এঁকে হাঁসেদের সুবচনী ডাহুকের সন্ধ্যা গড়ে
তোমাকে সাজাবো পাখি, দূরে তমালের ছায়া পড়ে
তার থেকে উড়ে এসে এ সংসারে বোসো দেখি মন
পাখি বলে কৃষ্ণশাপ। তার নীলকমলিনী চোখে
সমস্ত শৃঙ্গার ধুয়ে মুছে নিয়ে করুণ আয়তি
আষাঢ়ের পৌর্ণমাসী রেখে গেছে আরণ্য পলকে
অনিবার্য শীতকথা। অদানের ম্লান কাঁথা পাতি;
পাখি বলে রাধে, রাধে। আমি বলি হে অপ্রেমহীনা,
মায়াবিশুদ্ধ লীলাময়ী, দেবতা কি অল্পে খুশি, না?
ছবি : রিয়া দাস।
Comments