পূজাপর্যায়


তোমার আনন্দবনে শত পুষ্প বিকশিত হয়;
তাদের সে নিত্যশোভা নিত্যপূজা দেখি যে নিয়ত
মহাকাল-চিত্তপটে ছোটো ছোটো সুন্দর প্রলয়
যার দাগ মুছে যায়, শুধু থাকে বর্ণাভাস যতো

চেতনার মূর্চ্ছনায়, যে পাখির জৈব কলতান
আমাকে আবিষ্ট করে, রেখে যায় অনন্তের রেশ
শুনেছি সে মহাকাশে নভোরাত্রে চির বহমান
যেখানে সমস্ত স্তব স্তোত্রপাঠ ধ্যানাতীত, শেষ

এসবই সামান্য বড়ো; সাধারণ, নিতান্ত সরল
আমারই মতো সে দীন পদ্মপত্রে জলের স্বকীয়
ছায়াপ্রায় এই তুচ্ছ ফুল, গান, অপাঙক্তেয় ফল
এ জগতে চিরস্থায়ী কিছু নয়, তবু বলো প্রিয়,

হে চিরবাঞ্ছিত সখা, হে দয়িত, হে বঁধু আমার,
যে গান তোমাকে দিই তাও কি সামান্য থাকে আর?

Comments

Popular Posts