ডানায় মেঘের গন্ধ ২ ওয়ার্নিং কল
গোলাপ রোদের ফুল। অথচ তোমাকে রোজ দেখি
শববাহিকার কাঁচে গোলাপের ছায়া নিয়ে যাও
আমরা কি স্বভাবত ব্যতিচার ভালোবাসি? মৃত
দেহকে বষট্ -কারে যাবতীয় অপ্রেম ভোলাবো?
এক পয়সার মতো জীবন কিনেছিলাম। রোদে
জলে ভাসিয়েছি শরীরের মাখন জড়তা সেও
আচারের মতো সুখশ্রাব্য বলে খাবার সময়
পুরো তিনপয়সার লোভ লালা আকণ্ঠ জড়ালো
এই জ্বালাযন্ত্রণায় ধুলোমাটি মাখা বেঁচে আছি।
দৈনিক তোমাকে দেখি লণ্ঠনের কালো কাচে স্থির
নিরুত্তাপ গোলাপের মতো আমার আঙুল চোখ
সযত্নে পোড়াও। তারপর দুরন্ত, দীর্ঘ বিরহ।
শোনো, সর্বাঙ্গে বারুদ মেখে ছবিতে বকুলমালা
আদ্যন্ত ন্যাকামি বলে মনে হয়, তাই থাক, নাকি?
Comments