ডানায় মেঘের গন্ধ ১ মেটিং কল

আজও কি বারান্দায় দাঁড়িয়েছো, আমাদের চাঁদ?
এই সন্ধ্যেবেলাগুলো ভেঙে পড়ছে চারদিকে রোজ
আমরা কি ভালোবাসা ভুলে যাবো? বলো, আজীবন
কান ভোঁ ভোঁ করে যাবে, আমরা কবিতা পড়ব না?

সেসমস্ত বাঁকা কথা বুনো কুকুরের মতো ঘোরে
পিয়ালের বনে পিছুপিছু। পাঁশুটে রঙের তীব্র
ঘোর লাগা চোখ মেলে দেয়। যাবতীয় শান্তিচুক্তি
স্বস্ত্যয়ন ব্যর্থ হয়। মন্ত্র কবে দূরত্ব ঘোচালো
ঈশ্বর ও প্রেমিকে শুধু অনর্থক পুড়ে গেল হবি
যাপন বিদ্বেষবশে যে গলিতে নামালে পসরা
কিছু কি প্রত্যক্ষ লাভ হলো বমনে, অনবধানে
বলো, চাঁদ, বারান্দায় দাঁড়িয়ে কি পথ দেখা গেল?

সব ঘুম ক্লান্ত হয়ে এলে, চাঁদ, তোমাকে জাগাবো
বালিশের বুকে পুড়বে ইস্পাতের নূপুর সংসার

Comments

Popular Posts