ফকিরি
অনন্ত পথের ধারে দু'একটা সরাইখানা ছিল
জলপাই গাছগুলি, সবুজের যবজন্মগুলি
কারোয়াঁর ফেলে আসা ধুলো ধোঁয়া মেঘের মিছিলও
রোদের ক্ষণিক ভালোবেসে ফেলা ত্রুবাদুর তুলি
এই পথে, হে কিশোর, আমার অবন্ধু কেউ নাই
আমি জন্ম মেথুসেলা, কতো রাত নিজের চিতায়
ছাই মেখে ঘুমিয়েছি, ভোরে উঠে পথের দোহাই
দিয়েছে তরমুজ মদ নির্জনে নগ্ন পেয়ালায়
তোমাকে খুঁজিনি, তাই পাওয়া না পাওয়ার ফের
সযত্নে এড়িয়ে গেছি ছাপ রেখে বালির সাগরে
দুনিয়া দিয়েছে ঢেলে দু'হাতের মীনায় মেহের
সেখানে আকাশ মাটি সে সুধা আকণ্ঠ পান করে
এমনই পথের বাঁকে তোমার হারানো ঠিকানায়
এভাবে আমিও আছি, হে ফকির, গরিবিয়ানায়।
ছবি : Joyeeta Banerjee Goswami
Comments