বেসাতি
রূপকথা ভালোবাসি, তা'বলে কি জলে আয়নায়
প্রতিবিম্ব দু'রকম এইটুকু তফাতও বুঝি না!
তুমি যাকে ভাবো হাত সে তো প্রতিসরণের দায়
সারসত্য ডুবে যাওয়া, বাকি সবই আপাত, অচেনা
তবু কে মরতে আসে, ক্রয়মূল্য ধরে দিয়ে ভাবে
বিন্দু বিন্দু অপেক্ষার মতো সেই মৃত্যুর সুঠাম
আলিঙ্গনে ক্রমদাহ্য পতঙ্গের মতো ডুবে যাবে
যা পোড়ায় আজ তারই গহন গভীরতম নাম
নাম নিয়ে মরে যাই। বিষচিহ্ন নগরকল্যাণী
অমৃতকুম্ভের গায়ে মন্থনের কাল থেকে আঁকি
সমস্ত রকম মৃত্যু এখানে বেসাতি হয় জানি
আগেই মরেছ বঁধু, আজ শুধু দাম দেওয়া বাকি
যে মৃত্যু সুলভ নয় তার শিরোধার্য করে সুখ
সযত্ন শীৎকারে মারি সুললিত মরণচাবুক
Comments