তুমি
অবসাদ নিয়ে তার কতো কথা! ঘুমোবার পর
মুহূর্তকালের মধ্যে জাগরের সুখ ছিল যতো
সমস্তই তেতো হয়ে জিভে লাগে ধাতব অক্ষর
যা দিয়ে হতাশা লেখা, ক্লান্তি লেখা হয় অবিরত
কেন যে থামে না কথা এতো শব্দ মরে যেতে থাকে
তবু সে বোঝে না তবু শব্দযন্ত্রণায় মাখা ভাত
দু'বেলা দু'মুঠো তার যা বরাদ্দ হবিষ্য স্বপাকে
ক্রমশ মুখের মধ্যে ভরে দেয় ধ্বনি, শ্বাসাঘাত
সে অন্ন বিষের মতো সে অন্ন মাতৃরসপ্রায়
মুখে উঠে উঠে আসে, বমনের, জঠরের শোক
প্রথম বৃষ্টির মতো নিরন্তর অন্দরে জড়ায়
জলের শরীর থেকে ঝরে যায় সমস্ত পালক
নীলাভ-সবুজ সেই নিমজ্জনে হতাশ, অলীক
হঠাৎ তোমাকে শুনি, ও রাক্ষসী, ডাক্তার দেখালি?
Comments