সিদ্ধার্থ
আর জন্ম চলে গেছে চিনে-বাদামের মতো শাড়ি
গরম ভাতের পাতে মাছ হয়ে, আমাদের বাড়ি,
এই ভালোবাসাগুলি, আমাদের আনমনা গান
ভাঙা তানপুরা আর ছেঁড়াখোঁড়া সে গীতবিতান
আপাতত শান্তিকল্যাণ এসে ঘরদোরে ফুল
সাজিয়েছে ধানদুব্বো ছোট নদী বকুল পারুল
ছাদের বড়িতে রোদ লুকোচুরি চিলেকোঠা ঘর
হলদে পাখির খোঁজে বয়ে যাওয়া অচিনপ্রহর
সবই গতজন্মের ধুলোকাদা মাখা প্রতিলিপি
কোজাগরে জ্বলে যাওয়া কুণ্ঠিত মাটির প্রদীপই
খাপছাড়া পরদিন, আঙিনার কোণে বেমানান
ঘর ছেড়ে বার হয় আমাদের ভুলে যাওয়া গান
ছোট ছোট নদীগুলি গ্রামগুলি পেরিয়ে সে যায়
আখরোট কাঠের এই ভিক্ষাপাত্র, প্রাচীন কাষায়
Comments