তোমাকে, আনন্দময়ী
তোমাকে, আনন্দময়ী, কতবার আঙ্গুলে ছুঁয়েছি
সূর্যসমা, করুণ মহিমা তোর, একান্ন পৃথিবী
আলোগুলি গলে যায়, ঝরে পড়ে, হাতে নিয়ে দেখি
দুস্তর জমাট-বাঁধা কোঁকড়ানো মৃত্যুর কবিতা
আমাকে আরোগ্য দেবে? সরিদ্বরা, যন্ত্রণার
সমকক্ষ তুমি। আশ্বিনের শিশু তোর পৌষ-শীতের
মুখে ভাতের ঘ্রাণের মতো ক্ষুধাতুর হেলায় হারালো।
নরম গানের শেষে, খেলা শেষে, তবু মনস্বিনী,
রাতের বৈধব্য নামে। আসে, যায়, থাকে, আসে, যায়।
জোড়াতালি, সম্প্রসার, সার্থবাহ আনাগোনা এতো
অকিঞ্চন দু:খভূমি, আশরীর গাঢ় অস্ত্রপাত
এমন বিপন্নতা, মহানসী, অপাঙ্গে দেখেছি
মৃত শিশুদের মুখে অর্ধমাত্রা হাসি ফুটে আছে
আসন্ন গর্ভের মতো নগ্নধারা, রক্তপাত, তাও।
Comments