গান
পাগল আমার! আঁজলা ভরে জল নিয়েছি
চাঁদের ছবি ভাসলো মেঘের মন্ত্র পড়া
জলকে বলি কিছুটা খাই একটু বেচি
একটু থাকুক পাগলটারো প্রাণটা ভরাক
পাগল আমার! আঙুল গলে পালায় ওরা
বিকোয় নদী বর্ষাদরে যে কেনে সে
জ্বালায় বালি পাগল তাতে পালক পোড়ায়
জন্ম জ্বলে নির্বিবাদে, অনায়াসেই
পাগল আমার! উড়ছে পুড়ছে বালির চিতা
আধবাসী ছাই শ্মশান জুড়ে কুমন্ত্রণা
বলয়্গ্রাসে মগ্ন উজান শূন্যে ত্রিতাল
সপ্তডিঙ্গা মধুকরের ডুবন্ত নাও
পাগল আমার! অসংগত ইচ্ছে-দাঁড়ি
ডোবায় যত বিপন্ন দিন রাত্রি দলে
একূল অকূল দোলায় বৈঠা তুফান ভারী
পাগল তোমার হাত ধরেছি জন্মজলে
পাগল তোমার হাত ধরেছি জন্মজলে
পাগল তোমার সুর ছুঁয়েছি জন্মজলে
পাগল তোমার নাম লিখেছি জন্মজলে
২০০৪
Comments