লীলাবালি ৭ মালিনী
আজ শুরু দেবীপক্ষ, কাল বিষ, পরশু বিসর্জন
আকথা-কুকথা মাখবো, কবে যাবো আনন্দীপত্তন
আনন্দীপত্তনে যাবো, ছুঁয়ে দেখবো শব্দধারাপাত
বিপর্যস্ত বর্ণমালা, আক্ষরিক কবিতাবিভ্রাট
কবে যাবো ধ্বনিগৃহে, চোখে রাখবো অপ্রতিভ চোখ
সে দৃষ্টি দর্শনে মিশে সর্বনাশ আপাদমস্তক
যে বঁধু যে শব্দকথা তাকে বলবো, কী পরেছ সোনা
শব্দের আড়াল থেকে সে হেসে বলবে -- কিচ্ছু না --
সেই হাসি তারশব্দে কেটে কেটে হয়ে কুচি কুচি
আমাকে নষ্ট করবে, অপবিত্র, আজন্ম অশুচি
এই তো চেয়েছি, বলো, এর বেশি কে বা কবে চায়
কে আর হৃদয় পাতে রথশব্দে, ব্রজের ধূলায়
কেই বা অক্ষর গুণে গেঁথে যায় বসতি সাকিন
যেখানে শীৎকারশব্দ অনর্গল, মাত্রাজ্ঞানহীন
যে নগ্ন দেহ তার মুঠো হাতে কতটুকু যায়!
ধুলোপড়া, জল-মাখা, শব্দাতুর নামভূমিকায়
কতো যে নষ্ট হয়, ভূর্জপাতা, মোহিনীপল্লব,
কে তার হিসেব রাখে, বলে যাও হে গোপীবল্লভ
কোথায় বাজালে বাঁশি, কোথা থেকে সুর ঝরে পড়ে
আনন্দীপত্তনে আজ, কাল বুঝি মথুরানগরে
Comments