নান্দীমুখ
আমাকে বালির বউ একরাশ হাঁস এনে
জলে ডোবা খেলা দেখিয়েছে
হাঁসেরা নিমিত্ত মাত্র
কোনোদিন জানলেও নাম বলবেনা তারা
শব্দবহ কোনো রাত
দুপুর বা শতাব্দীর কালো জল
কালো মখমলি জলে
ডোবে ওঠে ভাসে ডোবে ভেসে যায়
অযথা বালির বউ ডেকে ডেকে ডেকে
তোলপাড় খেলা সবই নিরীশ্বর নির্মেদ
সকাল বিকেল জুড়ে
জল পায়ে ভিজে পায়ে জল ও কুমির
আমিও অদ্ভুত কোনো আকস্মিক দায়ে পড়ে
হাঁসগুলো আমার ভেবেছি
এখানে কোথাও কোনো দ্বিধা নেই
ব্যঞ্জনা, স্বরলোপ, মেঘলা আকাশ, ছায়া,
আবরণ, অপলাপ,
ক্ষয় বা তামাশা
সম্প্রসারিত অর্থে নিরক্ষর হাঁস কিছু
ডোবা বা ওঠার পরে
সেই মুহূর্তে, অত্যল্প বিস্তার জুড়ে,
স্বতস্ফূর্ত, সাময়িক,
বহুবর্ণ, বহুধাসংকর
Comments