বিপ্রলব্ধা
আদ্যন্ত জৈবরসে অকিঞ্চন বিষণ্ণতা এলে
অস্পষ্ট ছবিরা কিছু আঁকা হয় কিছু মৃতপ্রায়
এতদূর গূঢ়তত্ত্ব অশ্বমেধ শেষে জেনে ফেলে
প্রবল প্রদোষে চোখে অনাবিদ্ধ জল ঝরে যায়
আমি তো হে বৈবস্বত, তোমাকে পুনর্ভূ বলে জানি
পা ধোবার জলে এসো, দেবতাটি, সবিনয় দষ্ট আবাহনী
প্রভু আমি স্বয়ম্বরা, দংশেছে শিয়রে কালসাপ
বিষের ফোয়ারা প্রভু, ঠাকুরটি, বিষে বিপ্রলাপ
অসম্ভব খিদে পায় পেতে চায় ঘর খেতে চায়
উদ্ভাসে বিশ্বরূপ সব যায় গ্রস্ত জলফুল
খিদে খিদে খিদে খিদে জন্মকাল ভেসে গেল যায়
যাক! আহ্! রক্ত, ফেনা, রক্ত, রক্ত, বিষ নাভিমূল
সারস্বত পরাজয়! অহেতুক রজনী বঞ্চনা
থাক তারা সুখে থাক ধূপে দীপে যৌথ প্রতারণা
বিদ্বিষ্ট শবের ছবি কালরাত্রি ভাসালো মান্দাসে
আসঙ্গপ্রস্তাবে শুধু বিতর্কিত মেঘ উড়ে আসে
Comments