কলঙ্ক

অত্যন্ত নারীর মতো উপদ্রুত নদীটি মরেছে
বরঞ্চ অশেষ ছিল ঝর্ণাকাল গোপন বিক্ষেপ
অনায়াস পুড়ে যায় নির্বিবাদ বালক সময়
দু'বাড়ি দু'মুঠো চাল, অধিবাস, অযথা ভিক্ষের

বাঁশিও প্রহর গোণে। রাজপথে শুদ্ধ সমর্পণ
আছড়ায় দু:সময়, মালা, অন্ন, আনন্দ-আয়তি
কূলে ভিন্ন বিপর্যয়। আমরণ সাযুজ্যে থাকার
দেয়ালে সুস্পষ্ট ছাপ, মাঙ্গলিক রমণবসতি

ক্রিয়াবিদগ্ধার ঋতি। বিনোদনে ক্লান্ত নটীবেশ
ধুলোর দিশারী জানে রাজকার্যে গেলে রথগুলি
অবশিষ্ট নূপুরেরা সকাতর সাঁঝবাতি জ্বালে
কলসে বিষণ্ন জল, দোরঘাটে অকাল গোধূলি

বিবর্ণ আরশি দেখে কলঙ্ক মেখেছে ছায়ামুখ
কাজল, চিবুকে তিল, দুচোখে সে প্রদীপ জ্বালানো
কারো যে সমস্ত গান আজো শুধু তাকে লক্ষ্য করে
সব বাঁশি চুপ হলে, জানে রাধা, আয়ানের বৌ

২০০৫

Comments

Popular Posts