লীলাবালি ১৫ ক্ষেত্রজ্ঞা

বন্ধ দরজার আগে অবিন্যস্ত বিনোদন
সেই যে পাগল ছিল, রাম চ্যাটার্জী,
পাড়ার বৌদিদি আর বোনদের সবাইকে
রোজ এসে ডেকে যেত দিবি? দিবি? দিবি?

মা ওকে বসিয়ে খেতে দিত মাকে
কখনো ও বৌদি বলেনি। বাগানের কুটো-কাটি
ড্রেনে জমা জল পরিষ্কার করে দিয়ে
নিমতলা ঝাঁট পাট দিয়ে চলে যেত। চুপচাপ।

বারান্দায় খাতা বই পড়া পড়া খেলা ফেলে রেখে
রাম চ্যাটার্জী এলে হাঁ করে পাগল দেখতাম
আমাকেও কোনোদিন বোন টোন বলেনি ও। পড়শি কাকিকে
দেখলেই বলত দেবে? দেবে? দেবে? চাপা হাসি নিয়ে
সরে যেত কত জন, গালাগালি করত, কি যে চায়,
কি যে দিতে বলে, কিছুই বুঝিনি, কিছু না। মা বলত
ও কিছু না, খিদে পায়, খেতে চায় শুধু। খিদে পেলে
স্বপ্ন দেখে, বন্ধ দরজা, খাবার, আকাশ, রোদ, ঝড়-বৃষ্টি, আলো।

আজ কাল যাই আসি, বাড়িও পাল্টাই রোজ,
কত বাড়ি, কত কত লোক জন, দরজা বন্ধ,
খিদে রোদ জল খিদে ঝড় বৃষ্টি আকাশ বাতাস
হাঁ করে গিলতে আসে, গিলে নেয়, ডাকে, দিবি? দিবি?

Comments

Popular Posts