পরকীয় ১
কবির মতন বলে মনে হয় তাই তাকে কখনো ডাকিনি
আলগা ছায়ার মতো বাঁচা যায়, বেঁচে থাকা যায়
বহুদিন অনভ্যাস হরিধ্বনি, অলকা তিলকা
আজন্ম কন্দর্প গান হৃৎপদ্মে শুধু পাখিপড়া
অথচ প্রহরদিন উত্সবের মতো তার ঘ্রাণ
তার ঘ্রাণে স্বয়ম্বর চৌপল দুপুর সোনারং
সে শুধু কবিতা গায়, সে শুধুই দূর করে রাখে
বৈতালিক হংসস্বর, তারো কিছু সৈরিণ্ধ্রী রজনী
আমারো বিকোয় কতো! অর্ধ নাভি, অর্ধেক হৃদয়
ভাঙ্গা জন্ম, ছেঁড়া চোখ, আধো তাপে রজোনির্বাপণ,
অর্ধেক পাতাটি খাই, আধখানা সূর্যে স্নান করি
অর্ধ গর্ভে মাটিজল, দ্বিমৃত্তিক খড়ের প্রতিমা
প্রতিমা সমান জল। সে নাকি আকাশঘরে থাকে?
সেও বুঝি জল নয়? নয় তার ছায়ার শরীর?
আমাকে কি স্পর্শ করে? আমাকে বিষাক্ত করে মারে?
আমি তার কেউ নই? কাকে তবে কবিতা শোনায়?
Comments