মারুশকা
ঘর্ঘর শব্দে ঘোরে চাকা
দর্জির বুকফাটা পাগল মেয়েটা গান গায়
দর্জি ভাবে আহা রে বেচারী
কিছু একটা তৈরী হবে, তৈরী হোক, তবু
ফাটাফুটো জামা বা শৈশব
তিনটে লোহার জুতো, তিনখানা টুপি
ছেঁড়াখোঁড়া লাঠি তিনখানা
সান্ধ্য বকুলের মতো কন্ঠস্বর শব্দপাত কথা
দেহপটে উচ্চকিত ভাষা এক মেয়ে এক নারী এক গর্ভফুল
অজস্র বর্গীয় জ অকারান্ত না হয়েই ঝরে ঝরে যায়
নিতান্ত আশ্চর্য লাগে
জল জন্ম জরা জ্বর চরাচর গর্ভজল জঠর জীবন
নখদন্তে জান্তব জাগর জীবন
অজস্র বর্গীয় জ অকারান্ত না হয়েই
ক্রমশ: আহত করে জননের মতো
নিতান্ত আশ্চর্য লাগে
বকুলের মতো এক বিকীর্ণকাম গর্ভফুল
তারো এত বিনিক্ষেপ, জড়তা-সংলাপ
দুধ নদী পার হও, মেয়ে তুমি, ক্ষীরের সাগর
আগুন পাহাড়ও তুই পেরিয়ে যা, সোনা মেয়ে, বেচারিটা
শব্দের ওপরে ভর দিয়ে এত দূর
তিনটে লোহার জুতো ক্ষয়ে গেল
ভেঙ্গে গেল তিনখানা লোহার লাঠি
ছিঁড়ে গেল লোহার তিনটে টুপিও
কি পেলে সমুদ্র এত বিষ উগরোলে?
এমন বেঁধেছে পায়ে কী যে করি মাধবীকংকণ
এখনো ভুল হয়ে গেলে
ভুলে গেলে
কামার কোথায়?
ঘর্ঘর শব্দে ঘোরে চাকা
দর্জির বুকফাটা পাগল মেয়েটা গান গায়
দর্জি ভাবে আহা রে বেচারী
কিছু একটা তৈরী হবে, তৈরী হোক, তবু
Comments