গ্যাব্রিয়েল

আমাদের যতো কিছু আসে আর ফিরে চলে যায়
আমাদের পাওয়া কিম্বা না পাবার জঞ্জাল যতো
আমাদের নষ্ট বীজধানজন্ম ছেঁড়া পতাকায়
একদিন ইতস্তত শালিখেরা, শ্যামারা কুড়াতো

এখন বটের চারা জড়িয়েছে সাইরেন ভোর
ত্রুবাদুর স্মৃতি তার রসনায় অবসন্ন নুন
ভাঙনের পদাবলী লিখে যায় বাতিল শহর
শোক ত্বরান্বিত করে নেমে আসে উদ্ভট শকুন

এসো, তবু পাশাপাশি বসবার হয়েছে সময়
যা কিছু সাধের ছিল, সুন্দরের, দেখে যাই শেষ
যাবতীয় প্রতীক্ষার, উদ্ভাসের, নিগূঢ় প্রলয়
আমাদের মৃতশাব হাহাকার, নিরন্ন স্বদেশ

এ শহরে সন্ধ্যা হলো, নিভে গেলো ক্রূর লাল আঁখি
নিরক্ত গোধূলি শেষে উড়ে এসো গ্যাব্রিয়েল পাখি


৮/১১/২০১৭

(এটা কোথাও একটা প্রকাশ হয়েছে)

ছবি: তৌসিফ হক



Comments

Puspendu said…
"এসো, তবু পাশাপাশি বসবার হয়েছে সময়
যা কিছু সাধের ছিল, সুন্দরের, দেখে যাই শেষ"...
এ সময় বড়ো ভাঙনের । আপনার দুঃখজাগানিয়া সুর সন্ধ্যের রেশ নিতে নিতে দূরে মিলিয়ে যাচ্ছে ...শহরে সন্ধ্যা মানছে

Popular Posts