লীলাবালি ৯ কালসন্দর্ভা
শতপথ ব্রাহ্মণের | আমি একা এক পথে হেঁটে
হৈমবতী রাজকন্যা পরবাসে কুলটা হলাম
আমি তো গেলাম-ই প্রভু, খণ্ড খণ্ড চুর চুর
টুকরো টুকরো পেটে গণেশেরও মাথা কাটা গেল
জানো কি তাহার সাথে তার সাথে
এক পাখি পদ্মে আঁকা
নীলপাখি নীলপদ্ম নীলকন্ঠপাখি
উড়ে উড়ে উড়ে
মার কাছে কাঁদে না মা
শিবের সোহাগ যেই দুই হাতে
দু'হাত পেতেছি আর উগরে বিষ রক্ত বিষ বিষ নাল জল
ফুলের গহনা দিলে শাড়ি দিলে মেঘাম্বরী মুখে
পান দিলে কড়ি গাছ হাতে দিয়ে দোর বন্ধ দিলে
মাগো বন্ধ দোরে আছাড়ি পিছাড়ি | কতকালে ভোর
এবার আগুন দাও মুখে আহা সুরা দাও সুরা
হাসো হাসো মাধ্বী তে মুখাগ্নি কর শান্তি হোক
তাপ শান্তি জন্ম শান্তি অনাহত কুল শান্তি বিশ্বদেব
আমি পুড়ে যাই পুড়ে পুড়ে পুড়ে ছাই হয়ে
বাতাসে জুড়াই তবু এই বলে যাচ্ছি বলে দিচ্ছি
মা গো আর জন্মে যাই হই পথের কুকুর হই
পাখি মাটি গাছপাথর হই তবু তোর গৌরী দুলালী হব না
Comments