সনেট # দেবতার মুখ
বালিকা বিদীর্ণ হলে দাড়িমের মতো লাল রস
অন্তরে গড়ায় প্রভু নষ্ট হয় মধ্যযামিনীর
বিস্তৃত সুতার জোড়, আলাপিত অবরোহে মীড়
ঘুমের নিভৃত কোণে মরিচার মতো কোনো কষ
থেকে যায় ফুলমালা, দীপদান, প্রসাদের গায়ে
অপরাহ্ণ বহে যায় হায় প্রভু বালিকা জানে না
কেন যে অপরিসীম প্রাণের ঘরের কাছে দেনা
হাসি গান অভিমান কেন যায় উপচ্ছায়া-পায়ে
যেখানে গোধূলি ওড়ে, নিরর্থক, ধ্রুবতারা জ্বলে
আলো পড়ে ম্রিয়মাণ চিরন্তন তুষারের দেশে
মরীচিকাসম তার অকরুণ প্রবাসে কাঁপে সে
যে বিন্দুতে হে ঈশ্বর, হৃদয়ের অনঘকমলে
বালিকা মলিন হয় বোঝো না কী গভীর অসুখ
আজো সে দেখেনি তার প্রবাসের দেবতার মুখ
Comments