নিছক বদামি
জবাকুসুম ডিমের সাদা লেবুর রস বা হলুদ তেল
যতোই করি চুলের তোয়াজ ততো আমার টাকটি বেল
হতাশ হয়ে এমন দিনে যখন আকাশ মেঘের ঘর
ভাবছি আহা পেতেম যদি ভূতের রাজার তিনটি বর
ভাবতে ভাবতে অবাক হয়ে দেখনু বিনা চশমাতে
পান্তো ভূতের জ্যান্তো ছানা নাচছে কেমন বিছনাতে
আমায় দেখে বললে হেঁকে আমিই রাজার ভায়রাভাই
গানটি গেয়ে ঢোল বাজিয়ে আমায় খুশি করাই চাই
আমি অবাক! গান গাইবো এমন আমার সাধ্যি নেই
মুখে যতোই খই ফুটে যাক ফাটবে ঢোলের বাদ্যিতেই
করুণ চোখে কাতর মুখে বলছি ওরে ভূতের ছা
কোবতে ভালোই লিখতে পারি, গানের কথা তুলিস না
দেখ না এঁড়ে প্যাখনা ছেড়ে লিখছি কেমন কাব্যিটাই
"দেয়"এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি "অন্যায়"এর কী ভাগ্যি ভাই
এতেও কী তোর ভরবে না মন? বলল ছানা সত্যি বস
দিদির পরে তুমিই আছো, একশোতে ঠিক একশো দশ
তোমার জন্য তিনটে কেন, পাঁচটা বরও পড়বে কম
তবু তুমিই তিনটে চেয়ো, বাচ্ছা আমি, কীই বা দম!
এই না শুনে আকাশপাতাল ভীষণ ভেবে হচ্ছি শেষ
তিনটে মাত্র ইচ্ছে পূরণ, সত্যি গুরু চাপের কেস
বিশ্বশান্তি? মঙ্গলে ঘর? ওষুধ চাইবো ক্যান্সারের?
জেলোর প্রেম বা জোলির চুমু, কোনটা পেলে পাব্লিকের
থাকতে পাবো ভালোবাসায়? এই পেয়েছি দারুণ বর
চিরস্থায়ী সেলেব্রিটি, অনন্তকাল নেকনজর
ভরতি মাথা দারুণ ঘন কালো এবং চিকণ চুল
এই তিনটে পেয়ে গেলেই জীবন হবে দারুণ কুল!
যেমনি ভাবা অমনি হঠাৎ কড়কড়িয়ে পড়ল বাজ
শুকনো মাঠে ঘাসের মতো বৃষ্টিধারায় নামলো আজ
প্রেমের মতো নরম চুলের বাহার, দেখে ভাবছি তাই
মাথায় যতো চুল গজালো, ততো আমার কোথাও নাই
Comments