সনেট # জলকথা

কেন না মাথার মধ্যে বল্লরিত শঙ্খধ্বনি বাজে
ছায়ার সংসারে বাড়ে সকরুণ অতন্দ্রিলা লতা
সে বলেছে তারশব্দ সে লিখেছে সামান্য আঙুল
রাতের পাঁজরে নামে এ শহরে উড়োচিঠিকথা

নিয়তি ব্রাহ্মণকন্যা, অনাহারে অর্ধাহারে বসে
বিতত স্রোতের 'পরে আলগোছে কমলেকামিনী
এ শহর কুতূহলী মৃতবৎ উঠেছে চিতায়
কার যে স্ফুলিঙ্গ ওড়ে কার ডাকনামে তাও জানি

জানি কিন্তু বলব না, জানাব না ঈশ্বরসমীপে
আমার উৎস নেই নেই কোনো বিষণ্ণ মোহানা
পারিজাতপুষ্পগুলি ভেসে ভেসে আসে যজ্ঞবাটে
স্বাহা ও স্বধায় তারা খুঁজে ফেরে তোমার ঠিকানা

অতএব, সাতকাণ্ডে অগ্নি দিয়ে শোনো হে পাগল
ছায়া নই, মাংস নই, ফুল নই, আমি শুধু জল

Comments

Popular Posts