লীলাবালি ৭ ভৈরবী
আজকাল এমন অদ্ভুত দু:স্বপ্ন দেখি
মাথা কাজ করে না
আগে কিন্তু এমন হতো না
দিব্যি বন্ধ করে দিতে পারতাম,
যে স্বপ্ন ভালো লাগতো না, কিম্বা যাতে ভয়
আজকাল আর পারছি না
দেখে যাচ্ছি। খারাপ লাগলেও ভয় লাগলেও
এই তো যেমন কাল দেখলাম
খাটে শুয়ে আছি আর খাটটা ভয়ানক দুলছে
শুধু খাটটা
রীতিমতো ঝাঁকাচ্ছে যেন তলা থেকে
ধাক্কা দিচ্ছে কেউ, ঠেলে ঠেলে তুলছে
খটখট শব্দ হচ্ছে ভীষণ জোরে
আমি প্রচন্ড ভয় পেয়ে ক্রমাগত ডেকে যাচ্ছি
বাবা ও বাবা মা ও মা বাবা মা মাগো ও বাবা
দেখতে পাচ্ছি ওরা পাশের ঘরেই
শুয়ে আছেন, ঘুমোচ্ছেন
এতো ডাকছি এতো ভীষণ শব্দ হচ্ছে এ ঘরে
খোলা দরজা দিয়ে সেই শব্দাবলী কিছুই পৌঁছচ্ছে না ও ঘর অব্দি
ওরা কিছুতেই উঠছেন না
অথচ ওদের খাট দুলছে না, মাথার ওপর ফ্যান ঘুরছে
ওরা বেঁচে আছেন,
ঘুমোচ্ছেন
আমি তো কতবার নিজেকে বললাম, স্বপ্ন দেখছিস
জেগে যা, চোখ খোল, দেখা বন্ধ কর
কিন্তু কিছুতেই চোখ খুলছে না আমার
কিন্তু এমন তো হবার কথা ছিল না
ওই গাছটাই তো আমাকে বলেছিল কুছ পরোয়া নেই
সেই যখন
আমি বাসা থেকে পড়ে গেছি আর ডানা নেই তখনো
উড়তে পারছি না
পড়ে পড়ে কাঁদছি আর আমার পক্ষীমাতা
গায়ে মানুষ মানুষ গন্ধ পেয়ে আমাকে তুলে নিচ্ছেন না বাসায়
খালি উড়ে যাচ্ছেন গোল হয়ে গোল হয়ে উড়ে যাচ্ছেন
তখন ওই গাছটাই তো আমাকে বলেছিল ভয় নেই
আমি তো আছি, আছি তো
আছি আছি আছি
বলতে বলতে চোখের সামনে
আমার ভগবতীদেহ পুড়ে যাচ্ছে চিতায়
লোনা মাংস পোড়ার মিষ্টি সুস্বাদ গন্ধ নাকে আসছে আমার
আর জিভে জল এসে যাচ্ছে সামলাতে পারছি না খিদে পেয়ে যাচ্ছে
আর চোখে ধোঁয়া লাগছে প্রচন্ড শব্দ হচ্ছে আর আমি
চোখ খুলতে পারছি না
আর মুখভর্তি লালা গিলে নিতে নিতে বলে যাচ্ছি ক্ষমা ক্ষমা ক্ষমা
Comments