সনেট # অপ্রয়োজনীয়
কোন সালে রিটায়ার? অডিটে ছিলাম আমি, এই
ভলান্টারি নিয়েছি সে বছর দশেক হলো তাও
নয়ডায় থাকা হতো? ওদিকে জায়গা ভালো নেই
পড়শি তো আপনার, আশি সাল থেকে গুরগাঁও
ছেলেমেয়ে ক'টি ভাই? আমাদের সাকুল্যে এদু'টি
মেয়েটা কানাডা আর ছেলে চলে গেছে সান জোসে
আমাদের কাল সেই হাম দো হামারা দোয়ে মাটি
এখন সময় কাটে স্কাইপের হাপিত্যেশে বসে
গৃহিণীও গিয়েছেন। জানেন তো ক্যান্সারের হাল
একবার বুঝে গেলে ধার-করা সময় ফুরলো
আমাদের প্রেম সেই কবেকার কলেজের কাল
এখন একাই, আজ আপনার সাথে কথা হলো
নিরালম্ব অবসরে, ইতস্তত, ভাঙা ও লাজুক
এদিকে সত্যেন সাঁই, অন্য পাশে গণপতি রাজু
Comments